ঢাকার একটি আদালতের এজলাস কক্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিচারক মো. জুনাইদকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
এদিনই সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ জন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে সই করেন আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান।
একই সঙ্গে, আরেকটি পৃথক প্রজ্ঞাপনে ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় জামিন না দেওয়ায় ওই মামলার আসামিপক্ষের আইনজীবীরা বিচারক মো. জুনাইদকে এজলাসেই গালিগালাজ করেন এবং তাকে “আওয়ামী লীগের দালাল” বলে অভিহিত করেন।
গত ১৭ মে ঘটে যাওয়া এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে বিচারকের অসহায় পরিস্থিতি ও আদালতের পরিবেশে আইনজীবীদের অশোভন আচরণ স্পষ্ট দেখা যায়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় সামাজিক ও পেশাগত মহলে।

