সাংবাদিক মুন্নি সাহা, তাঁর মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন এবং দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক ইয়াছির আরাফাত আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক মুন্নি সাহা, তাঁর পরিবারের সদস্যরা এবং স্বামী কবির হোসেন, যিনি এস এম প্রমোশনসের স্বত্বাধিকারী, তাঁদের ব্যাংক হিসাব ও সম্পদের ওপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তাঁরা জ্ঞাত আয়ের বাইরে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন এবং সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান চলছে।
আবেদন সূত্রে আরও জানা যায়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে এমন তথ্য পাওয়া গেছে যে, অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। এতে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তদন্তের স্বার্থেই তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়ে।
আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

