প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য। সেই সঙ্গে একটি দক্ষ ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলাও এ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।
মঙ্গলবার রাতে ‘রুল অব ল’–বিষয়ক ইউএনডিপির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এই সম্মেলন শুরু হয় ১০ জুন এবং শেষ হচ্ছে আজ। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। প্রধান বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায্য বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় এখন আমাদের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ সনদের কেন্দ্রে রয়েছে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান। এটি শান্তিপূর্ণ, ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেয়। সেই সঙ্গে সবার জন্য বিচারপ্রাপ্তির সুযোগ এবং কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের ওপর জোর দেয়।”
বিচার বিভাগের স্বাধীনতা গঠনে চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “এই জটিল কাজের গুরুত্ব বুঝে আমি জাতিসংঘকে এর সমর্থনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘ, বিশেষ করে ইউএনডিপির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিতে ইউএনডিপি কার্যকরভাবে সহায়তা দিচ্ছে, যা অনুকরণীয়। তাদের সহায়তায় আমরা প্রযুক্তিগত দক্ষতা, ডিজিটাল রূপান্তর এবং জনকেন্দ্রিক পদ্ধতি সংযুক্ত করে সংস্কার বাস্তবায়ন করছি।”
প্রধান বিচারপতি আরও জানান, “আমাদের সংস্কার পরিকল্পনা আন্তর্জাতিক মান ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি বাস্তবায়নে সততা, স্বচ্ছতা এবং গণসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।”

