কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উলিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের ক্যাপ্টেন খালিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অভিযানে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানো হয়নি। এতে যাত্রীরা ভাড়া সংক্রান্ত সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে মোবাইল কোর্ট আইন অনুযায়ী তৃষা পরিবহনের মালিককে ৫ হাজার টাকা এবং মৌসুমী এন্টারপ্রাইজ-২-এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, “ভাড়া সংক্রান্ত অনিয়মের অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কয়েকটি কাউন্টারে অভিযান চালানো হয়েছে। যেসব কাউন্টারে অনিয়ম পাওয়া গেছে, সেখানে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ জানান, “ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং কোনো ভোগান্তির শিকার না হন, সে জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।”

