ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে। আগামী ১৪ জুন, শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার ১২ জুন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে:
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা। এসব স্থানে যেকোনো ধরনের জনসমাবেশ, প্রতিবাদ কর্মসূচি, মিছিল কিংবা শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে। যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখা এবং নাগরিক দুর্ভোগ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিচার বিভাগীয় এলাকায় শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

