দ্রুত এবং কম খরচে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সিভিল প্রসিডিউর কোডে সংশোধনী আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (ন্যাশনাল লিগ্যাল এইড) আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় তিনি বলেন, দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের জন্য প্রশিক্ষণসহ নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমাতে আইনি সহায়তা প্রদান আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে।
আসিফ নজরুল আরও জানান, বিশেষ করে ছোটখাটো এবং আপসযোগ্য মামলাগুলোকে বাধ্যতামূলকভাবে আপসের মাধ্যমে নিষ্পত্তি করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এসব মামলায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে মধ্যস্থতা এবং আপসে নিষ্পত্তির বিষয়টি বাধ্যতামূলক করা হবে, যাতে অপ্রয়োজনীয় মামলার ভার কমে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ফল পান।
আইন উপদেষ্টার মতে, মামলার অভিশাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আইনি কাঠামোতে বাস্তবমুখী পরিবর্তন অপরিহার্য। আর সেই লক্ষ্যে সরকার আইনগত সহায়তা আইনে প্রয়োজনীয় সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে।
এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বিচার ব্যবস্থার ওপর চাপ হ্রাস পাবে এবং বিচারপ্রার্থীরা আরও সহজে ও দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার লাভ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ড. আসিফ নজরুল।

