সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় মোট ১,৪৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা ১,০৫৩ জন। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে আরও ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সারাদেশ থেকে এই বিপুলসংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি এবং একটি বার্মিজ চাকু। পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, দেশব্যাপী এই বিশেষ অভিযান চলমান থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আনতেই পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
এই ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

