শ্রমিকদের সুরক্ষা, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করতে যাচ্ছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে আইএলও রোডম্যাপ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, সামাজিক সংলাপ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন বাস্তবায়ন এবং ফ্যাক্টরি পরিদর্শন কার্যক্রমের উন্নয়নসহ শ্রমখাত সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশের পরিচালক, নীতিনির্ধারণী গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান, অংশীদারিত্ব, অ্যাডভোকেসি ও যোগাযোগ বিভাগের প্রধান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সচিব সফিকুজ্জামান বৈঠকে বলেন, বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৪৫০টি কারখানায় নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে। তিনি জানান, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করতে চলতি বছর ২৪টি কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এছাড়া, আগামী ১৭ জুন শ্রমিক কল্যাণে ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে শ্রম পরিদর্শন ব্যবস্থাকে আরও কার্যকর করতে অতিরিক্ত ১২২ জন শ্রম পরিদর্শক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইসব পদক্ষেপ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শ্রমখাতকে আরও টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে বলে আশা করা হচ্ছে।

