দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানসহ ১৫ জনের ওপর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ।
আদালতের আদেশে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা হলেন: সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির, তানভির নিজাম এবং ক্রিকেটার সাকিব আল হাসান।
দুদকের আবেদনে জানানো হয়, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগে বলা হয়েছে, তারা সরকারি বিধি-বিধান এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই অর্থের একটি বড় অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়েছে, যা শত শত কোটি টাকা ছাড়িয়ে গেছে।
দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে গোপন সূত্রের বরাতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করতেই আদালতের কাছে তাদের বিদেশগমন বন্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। ফলে তদন্ত চলাকালীন সময়ে তারা কেউ দেশত্যাগ করতে পারবেন না।

