আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, গুলি কিংবা বোমার ভয় দেখিয়ে ন্যায়বিচারকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ন্যায়বিচার করতে এসেছি। গুলি করে, বোমা ফাটিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।
মঙ্গলবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নবনিযুক্ত বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষভাবে বক্তব্য রাখেন। চিফ প্রসিকিউটর জানান, এই সংবর্ধনার মধ্য দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি ট্রাইব্যুনালের কাছে জুলাই-আগস্টের গণহত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন। সেইসঙ্গে আশা প্রকাশ করেন যে, এই ট্রাইব্যুনাল অতীতের ভয়াবহ অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
এর আগে, গত ৮ মে আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারক হিসেবে নিয়োগ পান মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

