সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা জেলেপল্লী সংলগ্ন কোকিলমণি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে সোমবার (১৬ জুন ২০২৫) সন্ধ্যায় হরিণ শিকারের জন্য পাতা ৬০০টি মালা (গোলাকৃতি) ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। একই এলাকা থেকে কাঁকড়া শিকারের জন্য ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারুও জব্দ করা হয়।
এর আগে, ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি ফাঁদ এবং নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাকা থেকে ৫৩টি মালা ফাঁদ জব্দ করা হয়। এ ছাড়া, ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকা থেকে ৪৫০টি মালা ফাঁদ উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় টিয়ারচর এলাকায় নৌকা ও পায়ে হেঁটে টহলের সময় বনরক্ষীরা ফাঁদগুলো দেখতে পান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, বন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

