পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। এর মধ্যে পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত কোনো প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। আর একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে পলাতক বলা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের কাছে আমরা আইন অনুযায়ী গেজেট প্রকাশের আবেদন করি, যাতে আসামিদের আদালতে হাজির হতে বলা যায়। আদালত বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। ছয় মামলার পরবর্তী শুনানির দিনও আগামী ১ জুলাই ধার্য করা হয়েছে। দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। তদন্তে আরও চারজনের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ১২ জনে।
শেখ হাসিনা ছাড়া মামলার বাকি ১১ আসামি হলেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, উপপরিচালক নায়েব আলী শরীফ, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

