ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টার বক্তব্য আংশিক ও প্রাসঙ্গিকতা বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হচ্ছে, যার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিষয়টির স্পষ্টতা আনতে এবং ভুল বোঝাবুঝি দূর করতে মন্ত্রণালয় জানায়, কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে উল্লেখ করেছেন, সময় ও পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। তিনি এটিও বলেছেন যে, এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত সময়োপযোগী আলোচনার ভিত্তিতেই গৃহীত হবে।
আইন উপদেষ্টার অতীত বক্তব্যগুলোতে তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে, জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার পর এবং সে সময়ের ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের নেতারা যদি অনুশোচনা প্রকাশ করেন, তবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। তার বক্তব্যে আরও উঠে আসে, এই ধরনের একটি কমিশন গঠনের চিন্তা জাতিকে স্মরণ করিয়ে দেওয়া এবং প্রমাণ করার জন্য যে, গণহত্যাকারীরা জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য এটিও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে।
কমিশন সংক্রান্ত আলোচনাগুলো এখনো নীতিনির্ধারণী স্তরে পৌঁছায়নি এবং এটি সরকারের চিন্তার পর্যায়েই রয়েছে। জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে সরকারি সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণার প্রতীক্ষা করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

