দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের মধ্যে একজন ওই বিদ্যালয়ের নিয়োজিত নৈশপ্রহরী।
ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্তরা হলেন ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী আরিফুল হক (২৭), একই এলাকার সাইফুল ইসলাম (২০), শাহিন আহমেদ (২০) এবং রায়হান ইসলাম (২৩)। তারা সবাই আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই সরকারপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নৈশপ্রহরী আরিফুল হকের নেতৃত্বে অভিযুক্ত চারজন বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বসে মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে, চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে।
পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা, যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের নিরাপত্তা ও নজরদারির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয় প্রাঙ্গণ যেন অপরাধীদের আখড়া না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

