বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তারকে ঘিরে বিতর্কের জেরে রংপুর মহানগরের হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন শাহকে বদলি করা হয়েছে।
শনিবার (২১ জুন) রাতে তাঁকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। একইসঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে রংপুর মহানগর পুলিশের পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শকের দায়িত্বও দেওয়া হয়েছে। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের একটি হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওসি আবদুল আল মামুন শাহের বদলির পর হাজীরহাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক রাজিবুল ইসলাম।

