ভারতীয় বাংলা সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান।
রিট আবেদনে অভিযোগ করা হয়, রিপাবলিক বাংলা বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। হিন্দু-মুসলিম দাঙ্গার মতো স্পর্শকাতর বিষয়গুলো উস্কে দেওয়ার চেষ্টা করছে চ্যানেলটি। এতে দেশের সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে দাবি করা হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশে চ্যানেলটির সম্প্রচার বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষ্ক্রিয় থাকায় তাদের ভূমিকা চ্যালেঞ্জ করে একটি রুল জারির অনুরোধও জানানো হয়েছে।
রিটে আরও দাবি করা হয়, রিপাবলিক বাংলা অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) যেন এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়—সেই নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে ছয়জনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন—তথ্য সচিব, টেলিকম সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও বিটিআরসি সচিব।
রিপাবলিক বাংলা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন একটি ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি প্রায়ই যাচাইবিহীন ও বিতর্কিত খবর সম্প্রচার করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। রিট আবেদনে বলা হয়, চ্যানেলটি প্রায়ই এমনভাবে সংবাদ পরিবেশন করে, যাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব ফুটে ওঠে। পাশাপাশি ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন এবং আংশিক তথ্য পরিবেশনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়। মাঝে মাঝে তারা ঘৃণা ছড়ানো ও উসকানিমূলক বক্তব্যও প্রচার করে বলে অভিযোগ রিটকারীর।

