নিজের নিরাপত্তা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন মেহরীন আহমেদ নামের এক তরুণী। রবিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তিনি এই মামলা করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে হাজির করার জন্য সমন জারি করেছেন।
মেহরীনের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ অনুযায়ী এ মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। মামলার আরজিতে মেহরীন অভিযোগ করেছেন, গত ২৫ মে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাসায় তার মা ও বাবা তাকে শারীরিকভাবে আঘাত করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং গুরুতর জখম করেন।
তার ভাষ্য, “আমি একটি শান্তিপূর্ণ জীবন চাই, কিন্তু আমার মা-বাবা আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। তারা আমাকে নির্যাতন করছেন। তাই আদালতের শরণাপন্ন হয়েছি।” মামলায় আরও উল্লেখ করা হয়েছে, মেহরীন একজন প্রাপ্তবয়স্ক নারী। কিন্তু তার বাবা-মা প্রতিনিয়ত তার চলাফেরা, জীবনযাপন ও মৌলিক অধিকার হরণ করছেন। বাসার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারেও বাধা দিচ্ছেন। এমনকি পারিবারিক সম্পদ ও সুযোগ-সুবিধা থেকেও তাকে বঞ্চিত করছেন।
অভিযোগে বলা হয়, তারা প্রায়ই মেহরীনকে মৌখিকভাবে গালিগালাজ ও অপমান করেন। ভীতি দেখিয়ে মানসিকভাবে আঘাত করেন। পাশাপাশি শারীরিক নির্যাতনের মাধ্যমে তার প্রতি সহিংসতা চালানো হয়েছে। মামলাটি এখন বিচারাধীন।

