নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের এক কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পদের মধ্যে পূর্বাচলে একটি প্লট ও উত্তরায় নয় কাঠা জমি রয়েছে।
রবিবার (২২ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ ছাড়া শামীম ওসমানসহ তার পরিবারের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে মোট টাকা রয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। অবরুদ্ধ হওয়া অন্যদের মধ্যে আছেন—শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ও পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী। দুদকের পক্ষে আদালতে আবেদন করেন কমিশনের উপপরিচালক রেজাউল করিম।
আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি পলাতক অবস্থায় সম্পদ বিক্রির চেষ্টা করছেন। পাশাপাশি ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। এসব কারণে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯)-এর বিধি ১৮ অনুযায়ী সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

