ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, বিভিন্ন কৌশলে ইসলামী ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। এর বড় অংশই ঘটেছে মনিরুল মাওলার এমডি থাকার সময়।
জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৯ ডিসেম্বর চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ একটি মামলা করে দুদক। মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা, এস আলম গ্রুপের মালিকপক্ষের সদস্য আহসানুল আলমসহ ৫৮ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক ইয়াছিন আরাফাত। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশে মুরাদ এন্টারপ্রাইজ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ওই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য ও বেশ কয়েকজন ডেপুটি এমডি আত্মগোপনে চলে যান। তখন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম। তবে এমডি মনিরুল মাওলা তখনও দায়িত্বে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপের মুখে পরিচালনা পর্ষদ তাকে ছুটিতে পাঠায়।

