ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে ডিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার সকালে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।” ডিবি সূত্র জানায়, সাবিনা তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তুহিন সাম্প্রতিক একটি রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। তবে ডিবি কর্মকর্তারা দাবি করছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। কাউকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়নি।
তারা আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। তদন্তে নতুন তথ্য মিললে আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলবে।

