প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
সোমবার (২৩ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। আদালতে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় নুরুল হুদাকে আটক করা হয়েছে।
রোববার সকালেই শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে বিএনপি। এতে ১০ম, ১১তম ও ১২তম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। মামলার বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এতে সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

