বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্ত এলাকা থেকে ৩৪ হাজার ইয়াবা ও একটি রাম দাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে আসছিলেন। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ইয়াবা ও একটি রাম দা উদ্ধার করা হয়। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এই অভিযান তারই অংশ।” তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

