অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত গুম তদন্ত কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (২৩ জুন) রাতে এক প্রজ্ঞাপন জারি করে জানায়, কমিশনের মেয়াদ ১ জুলাই থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত।
গঠনের পর থেকে এই কমিশন গুমের ঘটনা তদন্ত করে আসছে। গত বছর ২৭ আগস্ট সরকার পাঁচ সদস্যের এই কমিশন গঠন করে। এর আগে, ১৫ মার্চ কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর তা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।
এই তদন্তে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের, তাদের পরিবার, আত্মীয় ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ জমার সময়সীমা ছিল ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর।
সম্প্রতি ঢাকা সফর করে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। সফরের সময় সংস্থাটির দুই সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। তিনি সাংবাদিকদের জানান, জাতিসংঘের প্রতিনিধি দল গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল।
আইন উপদেষ্টা আরও জানান, গুম বিষয়ক একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, যা একটি স্থায়ী কমিশন গঠন করার বিধান থাকবে।

