ঢাকার আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় ১৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এক সপ্তাহ সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ২ জুলাই ধার্য করেছেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পিয়াস এবং মো. মিজানুল ইসলাম।
সকালেই মামলার আসামি সাত পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হয়। তারা হলেন—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপপরিদর্শক মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১৬ জনের সংশ্লিষ্টতার তথ্য দিয়েছে। তবে আমরা এখনো যাচাই করছি—সবার বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হবে কি না। তদন্ত প্রতিবেদন অনুযায়ী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়গুলো উঠে এসেছে। এখন আরও পর্যালোচনা চলছে।” তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তাল হয়ে ওঠে আশুলিয়া। সেদিন পুলিশের বিরুদ্ধে ৬ জনকে একটি গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ও প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ জুলাই।

