ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সাইপ্রাসে থাকা একটি দুইতলা বাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৯টি কোম্পানির শেয়ার এবং জার্সিতে থাকা ছয়টি ট্রাস্ট কোম্পানিও অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। আদালত সূত্র জানায়, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এই আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগেও এস আলমের বিরুদ্ধে একাধিক আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে উল্লেখযোগ্য:
-
৭ অক্টোবর: সাইফুল আলম, তার স্ত্রী ও পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
-
১৬ জানুয়ারি: তাদের নামে থাকা ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ।
-
৩ ফেব্রুয়ারি: ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার ১৭৫ বিঘা সম্পদ জব্দ।
-
১২ ফেব্রুয়ারি: ৪৩৭ কোটি ৮৫ লাখ টাকার ৫ হাজার ১০৯ কোটি মূল্যের শেয়ার অবরুদ্ধ।
-
২৩ ফেব্রুয়ারি: ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ।
-
১০ মার্চ: এক হাজার ছয় বিঘা জমি জব্দ।
-
৯ এপ্রিল: ৯০ বিঘা জমি জব্দ এবং ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ।
-
১৭ এপ্রিল: সাইফুল আলমের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। এতে জমা ছিল ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ টাকা।
-
২৩ এপ্রিল: ১৫৯ একর জমি জব্দ, যার মূল্য ৪০৭ কোটি টাকা।
-
২৭ এপ্রিল: সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ১৪ বিঘা জমি জব্দ। সম্পত্তির মূল্য ৫৫৯ কোটি ৪৮ লাখ টাকা।
-
১৭ জুন: ২০০ একর জমি জব্দ, যার মূল্য ১৮০ কোটি ৬১ লাখ টাকা।
এস আলম গ্রুপের বিরুদ্ধে এ পর্যন্ত সম্পদের বিপুল পরিমাণ জব্দ ও অবরোধের নির্দেশনা দিলেও এখনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি। তবে দুদকের তদন্ত অব্যাহত রয়েছে।

