জুলাই আন্দোলন ঘিরে হাতিরঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (২৫ জুন) ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই পূর্ণ চিছাম গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। শুনানির জন্য সকাল সাড়ে ১০টার দিকে পলককে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সালাম জানান এবং নিজেকে নির্দোষ দাবি করেন। তার ভাষায়, তিনি কোনো অপরাধ করেননি।
আদালতে দাঁড়িয়ে পলক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন। আইনজীবী আদালতের উদ্দেশে জানান, পলক কিছু বলতে চান। তবে বিচারক বলেন, আগে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হোক। রাষ্ট্রপক্ষের আইনজীবী, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, পলকের কথা বলার বিষয়ে আপত্তি জানান। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও পলককে কথা বলার অনুমতি দেননি।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, কোমর ব্যথায় ভুগছেন পলক। কারাগারে তিনি ব্যায়াম করলেও বর্তমানে থেরাপি প্রয়োজন। এজন্য আদালতে সুচিকিৎসার আবেদন করা হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় একটি আন্দোলনে অংশ নেন রমজান মিয়া। সকাল ১০টার দিকে আসামিদের গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার প্রায় দশ মাস পর, চলতি বছরের ২৬ মে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে ২০২৩ সালের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে

