সুনামগঞ্জের মধ্যনগরে হাউসবোটে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ পর্যটককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর বাজারসংলগ্ন হাওর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ। প্রত্যেকেই শিক্ষার্থী বলে জানা গেছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, একটি হাউসবোটে গাঁজা সেবনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তরুণদের উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের প্রমাণ মেলে। তিনি বলেন, ‘তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেছে এবং নিজেদের কাজের জন্য অনুতপ্ত বলে জানিয়েছে। জনস্বার্থে তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ইউএনও উজ্জ্বল রায় আরও জানান, হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

