নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তিন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত আবু তালেব শিকদারের ছেলে। পুলিশ জানায়, তিনি চলতি জুন মাসের ৬, ১১ ও ২৩ তারিখে নবম ও দশম শ্রেণির চার ছাত্রীকে কৌশলে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে তাদের একাধিকবার ধর্ষণ করেন।
ঘটনার সূত্রপাত হয় ২৩ জুন। এক ছাত্রীকে একইভাবে ঢাকায় নিয়ে গেলে তিনি ২৪ জুন পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানান। তিনি পুলিশকে জানান, তার তিন বান্ধবী এখনও ঢাকায় আটক রয়েছে। এরপর পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে এবং মিজানুরকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্যমতে, মিজানুর ঢাকায় থাকলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যেতেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, মিজানুর অসচ্ছল পরিবারের ছাত্রীদের টার্গেট করতেন। ভুক্তভোগীদের মধ্যে দুজন নবম এবং দুজন দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এক ভুক্তভোগীর বাবা ফতুল্লা থানায় মামলা করেছেন। তিনি জানান, মিজানুরের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উদ্ধার হওয়া তিন ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন।

