প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে এক মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আইনি নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, বিশ্বের ১২৬টি দেশ তাদের প্রবাসে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেছে। বর্তমানে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। এছাড়া, বাংলাদেশিরা বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বসবাস করছে। ২০২৪ সালে রেমিট্যান্স আয়ের দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে।
ভোটাধিকার একটি মৌলিক রাজনৈতিক অধিকার। এটি সংবিধানে স্বীকৃত। একজন নাগরিকের সাময়িক অবস্থানের পরিবর্তন তার এই অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না।

