পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা এবং আদালতে আরেকটি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে খুলনার ইস্টার্ন গেট এলাকায় স্থানীয়রা এসআই সুকান্তকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে ওই রাতেই থানা পুলিশ তাকে মুক্তি দেয়। গত জুলাইয়ে অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
এসআই সুকান্তকে মুক্তি দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার (২৫ জুন) দুপুর থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ছাত্রদলের নেতাকর্মীরা কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সদর দপ্তরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে তালা ভেঙে পুলিশ কর্মকর্তারা বাইরে আসেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো কেএমপি সদর দপ্তর ফের ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে বিকেল ৪টা পর্যন্ত কোনো কর্মসূচি শুরু হয়নি।

