ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার হওয়া নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ জুন (সোমবার) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের দোকানে গিয়ে নাসিম তাকে হেনস্তা করে। মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া, অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে মারধর করে। ঘটনার পর থেকেই নাসিম পলাতক ছিলেন।
ভুক্তভোগী মানিকের অভিযোগ, নাসিম প্রায়ই তার দোকানে নানা কাজ করাতে আসতেন। কিন্তু কাজ শেষে টাকা পরিশোধ করতেন না। উল্টো পাওনা টাকা চাইলেই হুমকি ও ভয়ভীতি দেখাতেন। এমনকি একপর্যায়ে বলেন, টাকা না দিলে মানিককে ব্যবসা করতে দিবেন না।
ঘটনার দিন নাসিম জমির খারিজ সংক্রান্ত কিছু কাজ নিয়ে দোকানে আসেন। তখন মানিক অন্য এক কাস্টমারের কাজে ব্যস্ত ছিলেন। তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে দাড়ি ধরে টানেন ও গালিগালাজ করেন। এরপর দোকানেই মানিককে মারধর করেন।
এ ঘটনায় মানিক থানায় মামলা দায়ের করেন। সেই মামলার একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে শুক্রবার সকালে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

