কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ ও কোস্টগার্ড। অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক।
তিনি জানান, ইয়াবার একটি বড় চালান পাচারের তথ্য পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায় অভিযান চালানো হয়। র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প ও কোস্টগার্ডের যৌথ অভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারি—শফি উল্লাহ (৪৫) ও নুরুল বশর (৩৮)—কে আটক করা হয়। তারা দুজনই বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

