আগামী ছয় মাসে অন্তত ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের জীবনে দীর্ঘদিনের কলঙ্ক, হয়রানি ও মানসিক যন্ত্রণার অবসান ঘটবে।
বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমি মনে করি, আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।” তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে, যা প্রায় তিন লাখ মানুষের জীবনকে ছুঁয়ে যাবে।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত (২৮ মে পর্যন্ত) ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। কাজ এখনও চলমান রয়েছে।
ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে দায়ের করা এসব মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছিল। এসব মামলা প্রত্যাহারে সরকার এখন সাহসী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জেলা পর্যায়ের কমিটি ও আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা যে সব তালিকা ও নথিপত্র পাঠিয়েছে, তা যাচাই-বাছাই করেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
একই সঙ্গে, রাজনৈতিক দলগুলোকে আন্তঃমন্ত্রণালয় কমিটিতে মামলা সম্পর্কিত তালিকা পাঠানোর আহ্বান জানানো হয়েছে, যাতে প্রক্রিয়াটি আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়।
সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলা প্রত্যাহারে অবহেলার অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটেই এবার উদ্যোগটি কার্যকর করতে আগ্রহী সরকার।

