গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের আট সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ।
গ্রেফতারকৃতরা হলেন: ইনতেমাম মোল্যা (২০), পিতা মোস্তফা মোল্যা, মহেশপুর, মো. জিসান (২০), পিতা মফিজুর রহমান, গেড়াখোলা, হামজা মুন্সী (২০), পিতা মনির মুন্সী, হোগলাকান্দি, অনিক মাহমুদ (২০), পিতা আরিফ মোল্যা, হোগলাকান্দি, ইয়ামিন শরীফ (২০), পিতা আসলাম, পশ্চিম মাঝিগাতি, বেলাল মোল্যা (২০), পিতা জালাল মোল্যা, পশ্চিম মাঝিগাতি, আশিক মুন্সী (২০), পিতা এস্কেন মুন্সী, হোগলাকান্দি, হামিম শেখ (২০), পিতা ওহিদ শেখ, দোলা।
ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটকের সময় তারা সকলে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়।

