ওয়াকফ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগে একটি নতুন বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই বেঞ্চে বিচারকার্য পরিচালনা করবেন বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলম।
ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৬ জুন) হাইকোর্ট বিভাগ থেকে বেঞ্চ গঠনের আদেশ জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গঠনবিধির ১৪৬ নম্বর বিধি অনুসারে এই বেঞ্চ গঠিত হয়েছে।
নতুন বেঞ্চটি অগ্রাধিকার ভিত্তিতে ওয়াকফ, মুক্তিযোদ্ধা সংক্রান্ত এবং ইনকাম ট্যাক্স–সম্পর্কিত রিট মোশন ও শুনানির দায়িত্ব পালন করবে। আগামীকাল রবিবার (২৯ জুন) থেকে এর কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের ধর্মীয় ও সংবেদনশীল সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিচারিক দীর্ঘসূত্রতা রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন ওয়াকফ প্রশাসনের অধীন বিপুলসংখ্যক অনিষ্পন্ন মামলা বিচারাধীন রয়েছে। বিচারিক ধীরগতির কারণে মামলাগুলোর নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এ অবস্থায় একটি নির্ধারিত বেঞ্চ গঠনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হয়।

