কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শনিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার আমতলীতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা থানার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের গিয়াস উদ্দীন (২৮) এবং একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারে করে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। তাঁরা পাইকারি ও খুচরা—দুইভাবেই মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।

