রাজধানীর উত্তরায় সংঘবদ্ধভাবে একটি হোটেল দখলের চেষ্টা চালানোর সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খান (৩০) ও মো. আমির (২১)।
র্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম রাতে এ তথ্য জানান। তিনি বলেন, হোটেলটির মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে শফিক মোল্লা ও তার সহযোগীরা হোটেল দখলের চেষ্টা করেন। মোটরসাইকেলে করে ২৪ জন একযোগে হোটেলটিতে এসে ‘মব’ তৈরি করেন।
র্যাবের গোয়েন্দা দল আগে থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করছিল। দূর থেকে ছবি ও ভিডিও ধারণের সময় তারা মবের নজরে পড়ে। এরপর দখলকারীরা র্যাব সদস্যদের ঘিরে ফেলেন। তখনই র্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানার পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেজর আহনাফ জানান, অভিযুক্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দিয়ে হোটেলটি দখলের চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করে থানায় মামলা দায়ের করা হয় এবং তাদের পুলিশে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মারধরের অভিযোগে আগেও একাধিক মামলা রয়েছে।

