রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা–পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামিম রহমান (২৯), মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে শামিমের কাছ থেকে হাইয়েস মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিলের সিটি ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বেলা পৌনে একটার দিকে তাঁরা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয় থেকে সাতজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেন। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ও মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে ওই দুই কর্মচারীর হাত–পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম মতিঝিল থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ডাকাতির আরও দুটি মামলা রয়েছে।

