আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (২ জুলাই) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
এর আগে, গত ২৪ জুন এই মামলার অভিযোগ দাখিলের জন্য ২ জুলাই দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারকক্ষে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সাইমুম রেজা তালুকদার। শুনানিতে অভিযোগ গঠনের জন্য এক সপ্তাহ সময় চান তিনি। শুনানি শেষে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করে।
প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। তদন্তে ১৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, তৎকালীন আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুল।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে নিহতদের লাশ পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ওই সময় একজন জীবিত ছিলেন, তাকেও জীবন্ত পুড়িয়ে মারা হয়। নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

