গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সরকারি বীজ-সার জব্দ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ধান বীজ ও প্রণোদনার সার জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ বাজারের তিনটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অশোক কুমার (৫৯), মিলন মিয়া (৪৯) ও মমিন মিয়া (৫২)-এর দোকান থেকে ৬ হাজার ৯৭৭ কেজি সরকারি ধান বীজ এবং ৫৫৯ বস্তা প্রণোদনার সার জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর ইনজামামুল আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযানে জব্দকৃত মালামালের কারণে সংশ্লিষ্ট দোকানগুলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

