রাজধানীর তেজগাঁওয়ে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ওই প্রতিষ্ঠানের একজন কর্মীও রয়েছেন, যিনি ছিনতাই নাটকের মূল অংশ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে অভিযোগ পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী মঙ্গলবার বিকেলে ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেট কারে করে পল্টন থেকে উত্তরায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ চক্র তাঁর গাড়ি ঘিরে ধরে। পরে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে পুরো রিয়ালের ব্যাগটি লুটে নেয়।
তদন্তে নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। ওসি আসলাম হোসেন জানান, প্রাথমিক তদন্তে এটি সাজানো ছিনতাইয়ের ঘটনা হিসেবে ধরা পড়েছে। গ্রেপ্তারদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ওই কর্মীও ছিলেন। তিনি জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

