রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র ‘কবজিকাটা গ্রুপ’-এর আলোচিত সদস্য মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, টুন্ডা বাবু মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, ভূমি দখলসহ নানা অপরাধে সক্রিয় ছিলেন। র্যাব-২–এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করেছেন যে, মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি। আনোয়ারের নির্দেশে তিনি ও তাঁর দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তাঁরা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের ঘিরে ধরে টাকা, মোবাইল, ল্যাপটপ ও ব্যাগ ছিনিয়ে নিতেন। রাত গভীর হলে বাসা বা ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করতেন। কখনও আবার চলন্ত গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নিতেন। একই সঙ্গে বিভিন্ন এলাকায় তাঁরা মাদক ব্যবসাও চালিয়ে আসছিলেন।
র্যাব জানায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্ট এলাকায় টুন্ডা বাবুকে দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ২৪ ফেব্রুয়ারি র্যাব তাঁকে গ্রেপ্তার করে। তবে ৫ মে জামিনে মুক্তি পান তিনি এবং মুক্তির পর ফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন।
বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, চুরি, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, র্যাব-২ সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চোরা সেলিম এবং কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ারকে তাঁদের সহযোগীসহ গ্রেপ্তার করেছে।

