সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রিকেট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ দেন।
দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন, বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরবর্তী সংসদেও একই আসনে প্রতিনিধিত্ব করেন তিনি। খেলার মাঠে তার পরিচিতি আরও আগে। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

