২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের মামলায় নিজের জড়িত না থাকার দাবি তুলে জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৪ জুলাই) দিল্লি হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ এই রায় দেন। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে দেওয়া হলফনামায় জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে প্রায় ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার নিয়েছিলেন জ্যাকুলিন। শুধু তাই নয়, অভিনেত্রী তার ভাই ও বোনের নামে থাকা দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলীয় ডলার পাঠানোর অনুরোধও করেছিলেন সুকেশকে।
তবে জ্যাকুলিন দাবি করেছেন, উপহারের উৎস সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তার ভাষায়, প্রতারক সুকেশ তাকে ফাঁসিয়েছেন। তিনি জানতেন না যে উপহারের পেছনে কোনো অপরাধের অর্থ রয়েছে। কিন্তু ইডি বলছে, জেরার সময় জ্যাকুলিন সত্যতা গোপন করেছেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর নিজের মোবাইল ফোন থেকে সব তথ্য মুছে ফেলেন তিনি। তদন্তে আরও বলা হয়েছে, অভিনেত্রী পুরোপুরি জানতেন যে, সুকেশের অর্থ অবৈধ এবং তবুও তিনি তা ব্যবহার করেছেন।
এ ঘটনায় সুকেশের বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিতে পারেননি জ্যাকুলিন। বরং তদন্তে উঠে এসেছে, তিনি ইচ্ছাকৃতভাবে প্রতারকের সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।

