কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অপর দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলো শিলাইদহ এলাকার বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)। জরিমানা করেছেন মো. জিহাদ ও সেলিম রেজা।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। পদ্মা নদী থেকে বালু উত্তোলনকারী একটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এতে ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী চক্রকে ধরা হয়। এ সময় দুইজনকে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, “জনস্বার্থে পদ্মা নদী থেকে বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দুইজনকে এক মাসের কারাদণ্ড ও দুইজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

