জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিন আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার ব্যক্তি হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুনানির দিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে কোনো আসামির পক্ষে ব্যক্তিগত আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাই তাদের পক্ষে শুনানি পরিচালনা করেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন।
উল্লেখযোগ্যভাবে, এই শুনানির দিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে ১৬ জুন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশ দেয়। এজন্য বাংলা ও ইংরেজি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়। পরদিনই ওই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে তাদের সাত দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
কিন্তু নির্ধারিত সময়েও তারা হাজির না হওয়ায় ১ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। সেই ধারাবাহিকতায় ১ জুলাই প্রথম শুনানি শেষে ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়, যা আজ শেষ হয়েছে।

