প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের ৪০ কোটি টাকার এফডিআর জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের নামে থাকা চারটি স্থায়ী আমানত (এফডিআর)-এর প্রত্যেকটিতে রয়েছে ১০ কোটি টাকা করে। মোট ৪০ কোটি টাকা জব্দে দুদকের পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক নওশাদ আলী।
আবেদনে উল্লেখ করা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অর্থ উত্তোলন, হস্তান্তর কিংবা স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি। এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
২০২২ সালের শেষদিকে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন হামিদুল হক। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৩ সালের অগাস্টে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ওই বছরের ১২ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।

