হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় শহরে স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তারা এ উদ্যোগকে ‘জুডিসিয়ারিকে দুর্বল করার ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে সরকারকে হুঁশিয়ার করেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তাঁরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, “হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় শহরে সরিয়ে জুডিসিয়ারিকে দুর্বল করা হলে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। সরকার সিদ্ধান্তে অনড় থাকলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।” ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন শেখ আতিয়ার রহমান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম ও মাহবুবুর রহমান খান।
এদিকে, হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় শহরে স্থায়ীভাবে স্থানান্তরের উদ্যোগ না নিতে আজ প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবী সাইফুল ইসলাম। তাঁর আবেদনে সংবিধানের ১০০ অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান কার্যালয় রাজধানী ঢাকাতেই থাকার কথা। অন্য কোথাও সেশন বসানো গেলেও তা অস্থায়ী হতে পারে। স্থায়ী স্থানান্তর হলে তা সাংবিধানিক চেতনাবিরোধী হবে।
আবেদনে আরও বলা হয়, বিভাগীয় শহরে বিচারপতি, কর্মী, অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জটিল ও ব্যয়সাপেক্ষ। এতে রাষ্ট্রীয় অর্থ, সময় ও দক্ষতার অপচয় হবে। একই সঙ্গে স্থানীয় চাপ ও রাজনৈতিক প্রভাব বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতাকে বাধাগ্রস্ত করতে পারে। সাইফুল ইসলামের মতে, হাইকোর্টের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা রক্ষা করতে হলে একক অবস্থান বজায় রাখা জরুরি। ঢাকায় মামলার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। যদি বিচারপতিদের বিভাগে পাঠানো হয়, তাহলে ঢাকায় বিচারিক জট আরও বেড়ে যাবে।

