যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।আজ (সোমবার) (৭ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুর রহমান রাকিব (২৫)। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানান, রাকিব নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বলেন, প্রায় ১০-১৫ দিন আগে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার এক নারীর কাছ থেকে রাকিব চিকিৎসাসেবার নামে অর্থ নেন। সোমবারও একই কৌশলে প্রতারণার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। তখন জিজ্ঞাসাবাদে সত্যতা মিললে হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ রাকিবকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

