সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা উপস্থিত সাংবাদিকদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এই মামলাটি দায়ের করেছিলেন নাসের সাঈদ। এতে ৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়। অভিযোগে দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো গুরুতর ফৌজদারি ধারাও উল্লেখ করা হয়েছে। জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে সওয়াল করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামানসহ অর্ধশতাধিক আইনজীবী।
জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, “আমরা ন্যায়বিচারে বিশ্বাসী বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। কিন্তু যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাতে পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।”
সাংবাদিক নেতারা বলেন, “প্রেস ক্লাবে হামলার ঘটনা আড়াল করতেই এই পাল্টা মামলা দায়ের করা হয়েছে। যাঁরা হামলার শিকার, আজ তাঁরাই আসামি। এটি পুরোপুরি ন্যায়বিচারের পরিপন্থি।” তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

